সুন্দরবন রক্ষায় নবগঠিত সহ-ব্যবস্থাপনা কমিটির বরণ ও কর্মশালা অনুষ্ঠিত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

    সুন্দরবন রক্ষায় নবগঠিত সহ-ব্যবস্থাপনা কমিটির বরণ ও কর্মশালা অনুষ্ঠিত



    শেখ তাইজুল ইসলাম,মোংলা প্রতিনিধিঃ


    সুন্দরবন পূর্ব বন বিভাগের ব্যবস্থাপনায় ও লোকালয় সংলগ্ন জনপদকে সম্পৃক্ত করার লক্ষ্যে নবগঠিত সহ-ব্যবস্থাপনা কমিটির (CMC) বরণ এবং বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় চাঁদপাই সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও সিএনআরএস,নব পল্লব প্রকল্পের সহযোগীতায় চাঁদপাই রেঞ্জ প্রশিক্ষণ কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগীয় বন কর্মকর্তা মো: রেজাউল করিম চৌধুরী। এসময় নবনির্বাচিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। 

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস, চিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব হাওলাদার, সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ মারুফ হাওলাদার।

    শুরুতেই নবগঠিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এরপর অনুষ্ঠান চলাকালে সকল নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান, বন্যপ্রাণী সংরক্ষণ ও বনজ সম্পদ রক্ষায় স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে মর্মে অঙ্গীকার করেন কমিটির সকল সদস্যরা।

    কর্মশালায় ২০২৬-২০২৭ সালের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের বিকল্প কর্মসংস্থান তৈরি, অবৈধ মৎস্য আহরণ রোধ এবং বাঘ/হরিণ-মানুষ দ্বন্দ্ব নিরসনে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

    এসময় বক্তারা বলেন, স্থানীয় জনসাধারণের সহযোগিতা ছাড়া বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন রক্ষা করা অসম্ভব। সহ-ব্যবস্থাপনা কমিটি বন বিভাগ ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলেও জানান বক্তারা।

    বিভাগীয় বন কর্মকর্তা বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই বন ঢাল হিসেবে কাজ করে। নবগঠিত এই কমিটি আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে বন রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

    কমিটির সদস্যগণ তাদের বক্তব্যে বনের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বনসংলগ্ন এলাকার দারিদ্র্য বিমোচনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দেন। কর্মশালা শেষে সকলের সম্মতিতে আগামী দুই বছরের অগ্রাধিকারমূলক কাজের খসড়া  তালিকা চূড়ান্ত করা হয়।

    কর্মশালায় বনকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

    এর আগে গত বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা-২০১৭ অনুযায়ী চাঁদপাই রেঞ্জের মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও দাকোপ ৪ টি উপজেলার আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা (সি এম সি) সাধারন ও নির্বাহী কমিটি গঠন হয়।

    এসময কমিটির কাউন্সিলরদের মতামতের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। পরে উপস্থিত কাউন্সিলরদের মধ্যে কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ ফারুক হোসেন হাওলাদার সভাপতি নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম মৃধা ও সহ-সভাপতি (নারী) তাপসী পাইক ও কোষাধ্যক্ষ মোঃ মারুফ হাওলাদার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এসময় দু’বছর মেয়াদী চাঁদপাই রেঞ্জ এর সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব পদে নির্বাচিত হন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বিপন চন্দ্র দাস।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad