বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে আহাদ আহমেদ ও তাঁর বাবা শেখ ফরিদুজ্জামানের সঙ্গে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুমের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে কথা-কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলায় আহাদ ও তাঁর বাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ আহমেদকে মৃত ঘোষণা করেন।
আহাদের বাবা শেখ ফরিদুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন