স্টাফ রিপোর্টার :
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শিবপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজ-এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। দুই মাস আগে তার বিয়ে হয়েছিল।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ৬ জন যুবক হেলমেট পরা অবস্থায় বাড়িতে ঢুকে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে ধাওয়া করে। আতঙ্কে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাড়ে পড়ে যান। এ সময় হামলাকারীরা তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাগেরহাটে একাধিক গুলির ঘটনায় উদ্বেগ বাড়ছে। এর আগে ৭ মার্চ মোল্লাহাটে নূর ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং ১৪ মার্চ রাতে সোহাগ শেখ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন