বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খাবার খাওয়ার সময় হঠাৎ চাঁন মিয়ার গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানতে পেরে কারারক্ষীরা দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল জানান, সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বর্তমানে চাঁন মিয়া ফকিরের মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন