নতুন গ্রামীণ সড়কে ইট নয়, পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের নির্দেশ: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

 


নিজস্ব প্রতিবেদক:

আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। নতুন গ্রামীণ সড়ক নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও সরকারি কর্মকাণ্ডের তদারকি ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়।

শেখ ফরিদুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নতুন গ্রামীণ সড়ক নির্মাণের ক্ষেত্রে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে। পাশাপাশি পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণ কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দপ্তরগুলোতে একবার ব্যবহারযোগ্য পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। হাসপাতালে ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, দল-মত নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিহ্নিত অপরাধীদের ওপর নজরদারি জোরদার করার পাশাপাশি এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হলে কাজের স্বচ্ছতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Sponser