পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পালাল দুর্বৃত্তরা - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

    পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পালাল দুর্বৃত্তরা

     



    বাগেরহাট প্রতিনিধি

    বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। বনরক্ষীদের তৎপরতা ও চার রাউন্ড গুলিবর্ষণের পর সন্দেহভাজন দুর্বৃত্তরা সাগরের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় পর্যটকবাহী জাহাজে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    শনিবার রাত ৯টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে একটি ইঞ্জিনচালিত ফিশিং ট্রলারকে এগিয়ে আসতে দেখা যায়। ট্রলারটিতে থাকা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি বনরক্ষীদের জানানো হয়।

    খবর পেয়ে কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা দ্রুত একটি বোট নিয়ে ঘটনাস্থলে যান এবং সন্দেহভাজন ট্রলারটির পিছু নেন। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়।

    কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান জানান, বনরক্ষীদের গুলির মুখে সন্দেহভাজন ট্রলারটি গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে চলে যায়। ফলে সেটি পর্যটকবাহী জাহাজটির কাছাকাছি যেতে পারেনি।

    ওই সময় কটকা এলাকায় ‘দি ওয়েভ-২’ ছাড়াও ‘আরালসী’ নামে আরও একটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছিল। দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক ছিলেন বলে জানান ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম।

    ঘটনার পর পর্যটকদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও বনরক্ষীদের দ্রুত পদক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকার মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় পর্যটকবাহী জাহাজের কাছাকাছি সন্দেহজনকভাবে দুর্বৃত্তদের আসার ঘটনা উদ্বেগজনক। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad