বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সিফাত খান জানান, দুর্ঘটনার পর আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যান। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুই মোটরসাইকেল ও ডাব বহনকারী একটি নসিমনের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন