বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা-দেয়াপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত শেখ মুজিবুর রহমান পাগলা-দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে। তিনি ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ওই বসতঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর শেখ মুজিবুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সর্বশেষ শেখ মুজিবুর রহমানকে দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, এর পরের যেকোনো সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তান আগেই মারা গেছেন। তার এক মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। আর নাতি মো. সাইদুর রহমান ইমন অন্যত্র বসবাস করেন। ফলে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন