বাগেরহাটে ভাত রান্নায় দেরি, স্বামীর নির্যাতনে ঝলসে গেল গৃহবধূর শরীর - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

    বাগেরহাটে ভাত রান্নায় দেরি, স্বামীর নির্যাতনে ঝলসে গেল গৃহবধূর শরীর



    বাগেরহাট প্রতিনিধি::

    বাগেরহাটের ফকিরহাট উপজেলা এলাকায় ভাত রান্না করতে দেরি হওয়াকে কেন্দ্র করে মুসলিমা বেগম (২৭) নামে এক গৃহবধূর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী চুন্নু শেখের (৩৫) বিরুদ্ধে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন ওই নারী।

    রোববার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত থাকায় ভাত রান্না করতে কিছুটা দেরি হয় মুসলিমা বেগমের। এতে ক্ষুব্ধ হয়ে তার স্বামী গরম ভাতের মাড় শরীরে ঢেলে দেন। এতে তার মুখমণ্ডল ও শরীরের এক পাশ ঝলসে যায়।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে রোববার রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে।

    ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত নারীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে, তাকে অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হবে না।

    ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলাটির তদন্ত চলছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad