রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
দখলবাজি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে কোনো অপকর্ম সহ্য করা হবে না। দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে রামপাল উপজেলার সরকারি গিলাতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এআইজিপি শেখ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের মাধ্যমে কৃষি ও মৎস্য খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মোংলা বন্দরকে আরও গতিশীল করতে কাজ চলছে এবং ইপিজেডের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। সরকারের গণমুখী কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, ফকির তরিকুল ইসলাম, শেখ হাফিজুর রহমান ও আলতাফ হোসেন বাবুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
ইফতার ও দোয়া মাহফিলে তিন সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন