পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা–নড়াইল–মোংলা রুটে নতুন মেইল ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াতে আসবে নতুন গতি এবং সময় সাশ্রয় হবে যাত্রীদের।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ রুটে প্রাথমিকভাবে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ঢাকা–গোবরা–ঢাকা রুটে ১৩৫/১৩৬ নম্বর এবং ঢাকা–মোংলা–ঢাকা রুটে ১৩৭/১৩৮ নম্বর ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ১৩৬ নম্বর কমিউটার ট্রেনটি ঢাকা থেকে বিকাল ৩টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গোবরা পৌঁছাবে। ফেরার পথে ১৩৫ নম্বর ট্রেনটি গোবরা থেকে রাত ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১১টা ৩০ মিনিটে।
অন্যদিকে মোংলা রুটে ১৩৭ নম্বর ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে মোংলা থেকে ছেড়ে দুপুর ১২টায় ঢাকায় পৌঁছাবে। ১৩৮ নম্বর ট্রেনটি ঢাকা থেকে দুপুর ১টায় ছেড়ে সন্ধ্যা ৭টায় মোংলায় পৌঁছাবে।
নতুন এই ট্রেন চালুর ফলে বিদ্যমান কিছু ট্রেনের সময়সূচি ও রুটে সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। বিষয়টি এখনো প্রস্তাবনার পর্যায়ে থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই এটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
এদিকে খুলনা অঞ্চলের যাত্রীদের জন্য নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে ওঠার বিষয়েও পরিকল্পনা রয়েছে। নগরীর সোনাডাঙ্গা ও সদর এলাকার যাত্রীদের জিরোপয়েন্ট এবং খালিশপুর, দৌলতপুর, দিঘলিয়া, ডুমুরিয়া ও আড়ংঘাটা এলাকার যাত্রীদের ফুলতলা থেকে ট্রেন ধরার কথা ভাবা হচ্ছে। তবে আড়ংঘাটা স্টেশন চালু করা হলে ওই অঞ্চলের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, পদ্মা সেতু হয়ে এ রেল সংযোগ চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন