মোংলায় স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে ডেকে এনে মারধর - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

    মোংলায় স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থাকা স্বামীকে ডেকে এনে মারধর

     


    মোংলায় স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, মারধর ও লুটপাটের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক, মোংলা:
    বাগেরহাটের মোংলা উপজেলায় স্ত্রীর নির্যাতনের ভয়ে পালিয়ে থেকেও রেহাই পাননি এক স্বামী। পরিকল্পিতভাবে ডেকে এনে তাকে অপহরণ করে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মেঠ এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫০) প্রায় ছয় মাস আগে শাহানাজ বেগমকে বিয়ে করেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে স্বাভাবিক দাম্পত্য জীবন পরিচালনায় অক্ষমতা দেখা দিলে স্ত্রী তার ওপর মানসিক ও শারীরিক চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর দাবি, তার শারীরিক অবস্থার তোয়াক্কা না করে তাকে জোরপূর্বক উত্তেজক ওষুধ সেবনে বাধ্য করা হতো, যা তার জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছিল।

    তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে ডেকে এনে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে লোকজন দিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার ৭০০ টাকা, একটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান শাহীন জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad