নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট :
বাগেরহাট সদর উপজেলার খানপুর কলেজ মোড় সংলগ্ন ফকিরবাড়ি এলাকায় বিয়ের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রামপাল উপজেলার ফয়লাহাট থেকে বাগেরহাট সদরের বারাকপুর বাজারগামী একটি বিয়ের যাত্রীবাহী বাস খানপুর কলেজ মোড়ের সামনে ফকিরবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
যাত্রীদের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, ফয়লাহাট–খানপুর–বারাকপুর সড়কটির মোট দৈর্ঘ্য প্রায় ১১ কিলোমিটার। এর মধ্যে গোবিন্দপুর–খানপুর গ্রামের সীমানা টাটেরহাট সেতুর মোড় থেকে বাগেরহাট-খুলনা মহাসড়কের বারাকপুর বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে ছোট-বড় গর্তে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে দুই পাশের মাটি ভেঙে গিয়ে কার্পেটিং ধসে পড়েছে। প্রায় তিন থেকে চার বছর ধরে এ দুরবস্থা বিরাজ করছে। বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়েই স্থানীয়রা ঝুঁকি নিয়ে এ পথ ব্যবহার করছেন।
এ সড়কে নিয়মিত বাস চলাচল না করায় যাতায়াতের জন্য স্থানীয়রা মাহেন্দ্র, ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেল ও সাইকেলের ওপর নির্ভরশীল বলে জানান এলাকাবাসী।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন