খুলনা প্রতিনিধি :
খুলনা নগরীতে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
রোববার রাতে নগরীর মোল্লাবাড়ির সামনে অবস্থিত নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী এক কন্যা সন্তানের জননী। রাত সাড়ে ১০টার দিকে তিনি তার বন্ধু সায়মনের সঙ্গে নিরাময় কেন্দ্রে যান। সেখানে বন্ধুর কাছে পাওনা চার হাজার টাকা চাইলে বন্ধুর কথিত চাচা পঙ্কজ শিকদারের কাছ থেকে টাকা এনে দেওয়ার কথা বলে তাকে ভবনের চিলেকোঠায় নিয়ে যাওয়া হয়।
পরে ওই নারীকে সেখানে রেখে সায়মন নিচে নেমে যান। অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহীন ও পঙ্কজ শিকদার তাকে একাধিকবার ধর্ষণ করেন।
সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ জানান, ঘটনার পর অভিযুক্তরা নারীকে ভবনের ভেতরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। পরে নারীর কাছে থাকা মোবাইল ফোন দিয়ে স্বামীকে বিষয়টি জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে নিরাময় কেন্দ্রের মূল ফটক তালাবদ্ধ। স্থানীয়দের সহায়তায় ভেতর থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্বামীর জিম্মায় দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন