মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে বিতরণের জন্য বরাদ্দ ভিজিএফের ১২ বস্তা চাল একটি হোটেল থেকে উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে চাল বিক্রির অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার ফুলহাতা বাজারের একটি হোটেল থেকে চালগুলো পাওয়া যায়। হোটেল মালিক মিন্টু জোমাদ্দার জানান, বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হাওলাদার সকালে চালগুলো তার হোটেলে রেখে গেছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ভিজিএফের এই চাল হোটেল মালিকের কাছে বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রাজিব মজুমদার জানান, ঈদ উপলক্ষে বহরবুনিয়া ইউনিয়নের ১ হাজার ৯০ জন উপকারভোগীর মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসারের প্রতিনিধি ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে তিনজনকে এক বস্তায় (৩০ কেজি) চাল দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ফিরোজ হাওলাদার বলেন, চাল বিতরণের সময় তিনি উপস্থিত ছিলেন এবং যথাযথভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। হোটেলে পাওয়া চালের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। একটি মহল তাকে জড়িয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন