মোংলা প্রতিনিধি :
মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে মোংলা ডাকবাংলো প্রাঙ্গণে নৌবাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ তুলে দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
নৌবাহিনীর পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোংলার ৯ জন নিহতের পরিবারকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা এবং রামপালের মাইক্রোবাস চালকের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল একেএম জাকির হোসাইন, মোংলা দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ জুবায়ের শাহীন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সহকারী পুলিশ সুপার রাতুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার মোংলার ৯ জন ও রামপালের ১ জন নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (১৯ মার্চ) খুলনার কয়রা উপজেলার নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য, নববধূসহ স্বজনরা এবং মাইক্রোবাসের চালকও ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন