স্টাফ রিপোর্টার :
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের হাওলাদার বাড়ির সামনে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মসজিদের এক ইমাম প্রথমে রাস্তায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কিশোরীর গলাকাটা লাশ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন।
খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে একটি কিশোরীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
নিহত ফাতেমা আক্তার রিয়া মনি ওই এলাকায় তার খালাতো নানীর বাড়িতে বসবাস করতেন। তার বাবা-মা ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন বলে জানা গেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে সিআইডি ও পিবিআইয়ের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন