বিনামূল্যে ৫ হাজার মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

    বিনামূল্যে ৫ হাজার মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দিলেন পরিবেশ প্রতিমন্ত্রী


     


    স্টাফ রিপোর্টার::

    “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই মানবিক ব্রতকে সামনে রেখে বাগেরহাটের রামপাল উপজেলায় প্রায় ৫ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

    শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্য নিয়েই এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “এই জনপদের প্রবীণরা তাদের যৌবনে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা যেন আবার পৃথিবীর আলো দেখতে পারেন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”

    তিনি আরও জানান, ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর ধরে রামপালে নিয়মিত এই বিনামূল্যের চক্ষু ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষের চোখের অপারেশন এবং লক্ষাধিক মানুষকে সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

    দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখের ছানি ও নেত্রনালীর সমস্যায় আক্রান্ত রোগীদের বাছাই করা হয়েছে, যাদের পরবর্তীতে ঢাকায় নিয়ে অপারেশন করানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

    উদ্বোধনী অনুষ্ঠানে রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনসহ স্থানীয় নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

    বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে খুশি প্রকাশ করেছেন সুবিধাবঞ্চিত মানুষরা। আয়োজকরা জানিয়েছেন, আর্তমানবতার সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad