নিজস্ব প্রতিবেদক, রামপাল:
রামপাল উপজেলা সদর ও রামপাল সরকারি কলেজ বর্তমানে নদী ভাঙনের তীব্র ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে মোংলা-ঘষিয়াখালী চ্যানেলের প্রভাবে নদীর তীরবর্তী এলাকা ক্রমেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে নদীর তীব্র স্রোতের কারণে কলেজ সংলগ্ন এলাকার মাটি ধসে পড়ছে। ইতোমধ্যে নদীর পাড় ভেঙে কিছু অংশ বিলীন হয়ে গেছে এবং প্রতিদিনই ভাঙনের মাত্রা বাড়ছে। এতে করে রামপাল সরকারি কলেজ, উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও আশপাশের বসতবাড়ি হুমকির মুখে রয়েছে।
এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, যদি দ্রুত বাঁধ নির্মাণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, পানি উন্নয়ন বোর্ডকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ভোগান্তি বেড়েই চলেছে। তাই দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে রামপাল উপজেলা সদর, কলেজ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা এখন সময়ের দাবি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন