স্টাফ রিপোর্টার::
একসময় পারিবারিক বিনোদনের জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর এলাকার ‘চন্দ্র মহল’ ইকো পার্ক এখন যেন ভিন্ন এক চিত্র ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, বিনোদনের আড়ালে সেখানে গড়ে উঠেছে অনৈতিক কর্মকাণ্ডের এক নীরব কেন্দ্র, যা দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে।
গোপন অনুসন্ধান ও সরেজমিনে ঘুরে দেখা যায়, পার্কের ভেতরের কিছু নির্জন স্থানে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ রয়েছে। দিনের বেলাতেও সন্দেহজনক চলাফেরা চোখে পড়ে, আর সন্ধ্যার পর পরিস্থিতি আরও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, এখানে কী হচ্ছে, তা সবাই জানে, কিন্তু কেউ মুখ খুলতে চায় না। এখন পরিবার নিয়ে সেখানে যাওয়া নিরাপদ মনে হয় না।
স্থানীয় অভিভাবকদের মতে, পার্কটির বর্তমান পরিস্থিতি আশপাশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এটি বড় ধরনের সামাজিক সমস্যায় রূপ নিতে পারে।
স্থানীয় বাসিন্দা শেখ সুরাইয়া খাতুন বলেন, “এটা শুধু একটি পার্কের বিষয় নয়, এটা আমাদের সমাজের ভবিষ্যতের প্রশ্ন। এখনই কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
পার্কে ঘুরতে আসা অনেক দর্শনার্থী প্রত্যাশিত পরিবেশ না পেয়ে হতাশা প্রকাশ করেছেন।
দর্শনার্থী মো. আকাশ বলেন, পরিবার নিয়ে এসে বিব্রত হতে হয়েছে। কিছু দৃশ্য এতটাই অস্বস্তিকর, যা বলা কঠিন।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি পার্ক কর্তৃপক্ষ জানলেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। নিরাপত্তা ও পর্যাপ্ত নজরদারির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত ম্যানেজার বাচ্চু মাতুব্বর বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. শহিদুল বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে প্রথম জানতে পারলাম। গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ‘চন্দ্র মহল’ নামের এই বিনোদন কেন্দ্রটি সামাজিক অস্থিরতার প্রতীকে পরিণত হতে পারে।
বিনোদনের নামে যদি অনৈতিকতার বিস্তার ঘটে, তবে তা শুধু একটি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়—বরং পুরো সমাজের জন্য একটি অশনিসংকেত বলে মনে করছেন সচেতন মহল।
news source: https://facethepeople.net



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন