মোংলা প্রতিনিধি::
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত চক্র ‘জোনাব বাহিনী’র হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে ডাকাতদের কবলে থাকা এক জেলেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে নৌকায় রেখে বনের ভেতর পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। তিনি কাঁকড়া আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে গিয়েছিলেন বলে জানা গেছে।
বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন