বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলার দাশপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর গীতা রানী দাশ (৫৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে দুর্জয় দাশ জানান, গত ৩ মার্চ রাত ৮টার দিকে তার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার মামা শোভন দাশ বাগেরহাট সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পরিবারের সদস্যরা জানান, গীতা রানী দাশ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন। এর আগেও দুইবার তিনি পানিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করেছিলেন। তার স্বামীর নাম বীরেন্দ্রনাথ দাশ।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবার মধ্যে ভাসমান মরদেহ উদ্ধার করে। নিখোঁজ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে মরদেহটি গীতা রানী দাশ বলে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন