ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হােসনকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গোপন সূত্রে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় যে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে। তারা সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।
এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে ৭ ও ৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যবর্তী রাতে বনগাঁ এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— রাহুল ফয়সাল করিম মাসুদ (৩৭), বাসিন্দা পটুয়াখালী, বাংলাদেশ। আলমগীর হোসেন (৩৪), বাসিন্দা ঢাকা, বাংলাদেশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদীকে হত্যা করে পালিয়ে যায়। এরপর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে, যাতে সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যেতে পারে।
এ ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা করা হয়েছে। আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
ওসমান হাদি গতবছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাচ্ছিলেন, তখন বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
পুলিশ তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ অনেকের নাম সামনে আসে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন