স্টাফ রিপোর্টার :
পবিত্র রমজান মাস উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাগেরহাট প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করতে পারেন। তিনি বাগেরহাট প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে নিয়ে জেলার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরাও সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বাগেরহাটের উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন